খুলনায় গ্যাস সরবরাহের দাবি
খুলনায় গ্যাস বিতরণ পাইপলাইন স্থাপন, জরুরি গ্যাস সরবরাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা, নতুন শিশু হাসপাতাল স্থাপন ও ভৈরব সেতু নির্মাণসহ ১৮ দফা দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এসব দাবিতে কমিটি বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয় ও কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২০ এপ্রিল খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে নগরের আড়ংঘাটা বাইপাস গ্যাস স্টেশনে সমাবেশ ও অবস্থান ধর্মঘট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৫৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে এ দেশে গ্যাসক্ষেত্র আবিষ্কার ও জ্বালানি হিসেবে এর ব্যবহার শুরু হলেও দীর্ঘ ৬২ বছরেও খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি এই অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় তা-ও বন্ধ আছে। তা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুলনা অঞ্চলে উন্নয়নের অগ্রগতি খুবই কম।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—খুলনায় বিমানবন্দর নির্মাণের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ, খুলনা-দর্শনা ডাবল রেললাইন নির্মাণকাজ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা, মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ স্থাপন, নিউজপ্রিন্ট মিল চালু, টেক্সটাইল পল্লির জটিলতা নিরসন, বিশ্বমানের পর্যটন কেন্দ্র স্থাপন।