খুলনায় গ্যাস সরবরাহের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গতকাল শনিবার সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেছে। নগরের আড়ংঘাটা গ্যাস স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান ওই সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তারা বলেন, ১৯৫৪ সালে দেশে গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং জ্বালানি হিসেবে এর ব্যবহার শুরু হয়। এত দিনেও খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়নি। কয়েক বছর আগে এ অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ শুরু হলেও বিভিন্ন জটিলতায় তা বন্ধ হয়ে গেছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, গ্যাস পাওয়া খুলনাবাসীর সাংবিধানিক অধিকার। এ অঞ্চলে অবিলম্বে সরবরাহ লাইনের কাজ শুরু করে দ্রুত গ্যাস সরবরাহ করা হোক। গ্যাস সরবরাহে কালক্ষেপণ ও বিলম্বে এলাকার মানুষ ফুসে উঠেছে। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি বাস্তবায়ন করা হবে। গ্যাস সরবরাহের জন্য আগামী বাজেটে বেশি করে অর্থ বরাদ্দ রেখে এ অঞ্চলে গ্যাস সরবরাহের দাবি জানান তাঁরা।
উন্নয়ন কমিটির ছাত্র ও যুব-বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আলী সমাবেশ পরিচালনা করেন।