খুলনায় মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানির আড়ালে নকল ওষুধ তৈরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শাহনেওয়াজ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহনেওয়াজের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে গতকাল রোববার খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হোসেন রিমান্ড আবেদন খারিজ করে দেন। এ সময় আদালতকক্ষে আসামি উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি কাজী শাহনেওয়াজ গ্রেপ্তার হলেও অপর তিন আসামি শান্তিবাগ মসজিদ রোডের বাসিন্দা জাকির হোসেন, খুলনার পূর্ব রূপসা এলাকার হাবিবুর রহমান শেখ ও সিরাজগঞ্জের মো. সজীব পলাতক রয়েছেন। শাহনেওয়াজের কাছ থেকে মামলার অন্য আসামিদের অবস্থান এবং ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য জানতে গত ১১ অক্টোবর রিমান্ডের আবেদন করা হয়। গতকাল শুনানির নির্ধারিত দিনে আদালত আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১০ অক্টোবর ‘শাহনেওয়াজ সি ফুডস’-এ অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৬। সেখান থেকে কাজী শাহনেওয়াজ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরীফ রহমানকে আটক করা হয়। সেই সঙ্গে এসিআই কোম্পানির নকল ৩ লাখ ৭৫ হাজার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ও ১ বস্তা রেনিটিড ট্যাবলেটের পাশাপাশি চার বস্তা বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয় নকল ওষুধের কাঁচামাল, চালের গুঁড়া, কসমেটিকস, কেমিক্যাল, পাউডারসহ জাল ওষুধ বানানোর কয়েক কোটি টাকার উপকরণ। ১০ অক্টোবর রাতেই শাহনেওয়াজসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামি করে রূপসা থানায় মামলা করেন র্যা ব-৬-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাজমুল হুদা।