খুলনায় চলছে 'বাংলাদেশ ইয়ুথফেস্ট ২০১৬'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপান্তরের জন্য জ্ঞান’ স্লোগানকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ ইয়ুথফেস্ট ২০১৬’ প্রতিযোগিতা।

আজ শুক্রবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ কয়েকটি প্রতিষ্ঠান। সহযোগী হিসেবে আছে প্রথম আলো ও চাকরি ডটকম।

প্রতিযোগিতার মধ্যে আছে সামাজিক সমস্যা সমাধানের ধারণা, প্রযুক্তি ও মোবাইল সম্পর্কে ধারণা, বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা। আছে ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে এবং তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে, তা চিহ্নিত করে উপস্থাপন, নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়ী উদ্যোগের ধারণা উপস্থাপন।

প্রতিযোগিতায় ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী উদ্যোগ’ ক্যাটাগরিতে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ব্যবসায়িক ধারণাগুলো থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে নিজেদের উপস্থাপিত ব্যবসায়িক ধারণাগুলোর আলোকে ব্যবসা শুরু করতে পারেন, সে বিষয়ে ডিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল নতুন ব্যবসায়িক পরিকল্পনার ধারণা সৃষ্টির বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে ডিসিসিআই। আঞ্চলিক পর্বে বিজয়ী দল আগামী এপ্রিল মাসে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।