খুলনায় চাঁদাবাজি মামলায় এসআইসহ গ্রেপ্তার ৫
চাঁদাবাজি ও অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগে করা দুটি মামলায় খুলনা মডেল থানার নিরালা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এলাকার ইয়াছিন খাঁর স্ত্রী স্বপ্না আকতার ওরফে রুনা, নিরালা আবাসিক এলাকার আজিজুল ফকিরের স্ত্রী সীমা, পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আবদুল হামিদ ও রাজু শেখ। নগরের খালিশপুর হাউজিং এস্টেট এলাকার মো. রমজান আলী ও ব্যবসায়ী রফিকুল ইসলামের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ১৪ আগস্ট দুপুরে স্বপ্না আকতারের ফোন পেয়ে রমজান আলী নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের একটি বাড়িতে যান। স্বপ্নার কক্ষে যাওয়ার পর তিনি (স্বপ্না) ক্ষুধার্ত বলে জানান এবং তাঁর কাছ থেকে ৪৫ টাকা নিয়ে খাবার কিনতে বাইরে যান। যাওয়ার সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যান।
এরপর সীমা নামের এক তরুণী পেছনের দিকের দরজা দিয়ে ওই কক্ষে ঢোকেন। দুই-তিন মিনিটের মধ্যে স্বপ্না, সোহেল রানাসহ ছয়জন ওই কক্ষের সামনের দরজা খুলে ভেতরে ঢোকেন। সোহেল রানা তাঁকে (রমজান আলী) চড় মারেন এবং সীমাকে নগ্ন অবস্থায় তাঁর পাশে দাঁড় করিয়ে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করেন।
ভিডিও করার পর সোহেল রানা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। তখন তিনি বাধ্য হয়ে আবদুল হামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা বিকাশ করেন। এরপর তিনি ছাড়া পেয়ে ১৫ আগস্ট খুলনা থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
একই ধরনের একটি ঘটনায় নগরের পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ আগস্ট আরেকটি মামলা করেন। ওই মামলায় তিনি অভিযোগ করেন, তাঁকেও একইভাবে ফাঁদে ফেলে ২৯ হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে। এই মামলায় এসআই সোহেল রানা, বিথি, বাদল ওরফে শহিদুল, রাজু শেখ, মাহিন আরা বেগম ও কবির হোসেনকে আসামি করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই ব্যক্তিকে আটকে রাখা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দুটি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তার পাঁচজনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে।