খুলনায় চালের দাম বেড়েছে ওএমএসে চাল বিক্রি বন্ধ
১৫ দিনের ব্যবধানে খুলনায় সব ধরনের চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে ইরি-২৮, বোরো, বালাম-২৮ ও মিনিকেট চালের দাম বেড়েছে কেজিপ্রতি তিন থেকে চার টাকা। খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।এদিকে বাজারমূল্যের তুলনায় সরকারি বিক্রীয়মূল্য বেশি দাবি করে আর্থিক ক্ষতির অজুহাত দেখিয়ে জেলার ওএমএস ডিলাররা দেড় মাস ধরে খোলাবাজারে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এখন চালের দাম বাড়লেও নিম্ন আয়ের লোকেরা সরকারি ২৪ টাকা দরেও চাল কিনতে পারছেন না।ক্রেতাদের অভিযোগ, বাজারে ওএমএসের চাল বিক্রি বন্ধ এবং সরকারিভাবে নজরদারি না থাকায় চালকল মালিক ও অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো চালের দাম বাড়িয়ে দিয়েছেন।জেলা খাদ্যনিয়ন্ত্রক শুধাংশু হাওলাদার বলেন, বাজারমূল্যের চেয়ে সরকারি বিক্রীয়মূল্য বেশি হওয়ায় আর্থিক ক্ষতির অজুহাত দেখিয়ে ওএমএসের ডিলাররা দেড় মাস ধরে চাল উত্তোলন করছেন না। ট্রাকে করে খোলাবাজারে চাল বিক্রি বন্ধ থাকায় খুচরা বাজারে চালের চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে মৌসুমের শেষে চালের ঘাটতি থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়েছেন। এরই মধ্যে তিনি ওএমএসের চাল উত্তোলনের জন্য ডিলারদের চিঠি দিয়েছেন।খুলনা ধান-চাল বণিক সমিতির সভাপতি মুনীর আহমেদ বলেন, কোরবানির পরও পাইকারি বাজারে ইরি-২৮ (মধ্যম মানের চাল) কেজিপ্রতি ২৯ টাকা দরে বিক্রি হয়েছে। এখন তা বেড়ে হয়েছে ৩২ টাকা। এ ছাড়া বোরো মোটা ২১ থেকে ২৪ টাকা ও মিনিকেট ৩১-৩২ টাকা থেকে ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এর ওপর এক থেকে দুই টাকা বেড়েছে। তিনি বলেন, দাম বাড়ানোর পেছনে আড়তদারদের কোনো হাত নেই। চালকলের মালিক ও মজুদ করা চাল ব্যবসায়ীরা যে দরে চাল বিক্রি করতে বলেন, আড়তদারেরা সে দরেই চাল বিক্রি করেন।সিন্ডিকেট করার অভিযোগ অস্বীকার করে খুলনার রূপসা উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, পুরোনো ধানের মৌসুম শেষ ও নতুন ধানের মৌসুম শুরু হওয়ার মধ্যবর্তী সময় ধান-চালের দাম কিছুটা বেড়ে যায়। এ সময় ধানের পর্যাপ্ত সরবরাহ থাকে না। এর সঙ্গে বর্তমানে চাল উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে নতুন ধান ওঠার পর চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে তাঁরা মনে করেন।খুলনার জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম তরফদার প্রথম আলোকে বলেন, মৌসুমের শেষে চালের ঘাটতির কারণে দাম কিছুটা বেড়েছে। তবে তিনি এটাকে সাময়িক বলে দাবি করেন।