খুলনায় চিকিত্সকদের আন্দোলনে রোগীদের দুর্ভোগ
খুলনা নগরের সব ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। একই সঙ্গে গত সোমবার থেকে সরকারি হাসপাতালের চিকিত্সকেরাও কর্মবিরতি পালন শুরু করেছেন। এতে দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের চিকিত্সাকে কেন্দ্র করে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তানভীর আহমেদকে (বাপ্পা) তুলে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি (বিপিসিডিওএ), প্রাইভেট প্র্যাকটিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের খুলনা শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, আদ-দ্বীন হাসপাতাল, সিটি ইমেজিং সেন্টার, কিওর হোম ক্লিনিক, গরীবে নেওয়াজ ক্লিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী ক্লিনিক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, বাদশা মিয়া মেমোরিয়াল ক্লিনিক, সিটি নার্সিং হোম ঘুরে দেখা গেছে, তাদের সব কার্যক্রম বন্ধ।
এ পরিস্থিতিতে অনেকে ক্লিনিকের সামনে অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। চিকিত্সকদের ব্যক্তিগত কক্ষেও রোগীদের কোনো নামের তালিকা করা হচ্ছে না। টানা ধর্মঘটের ফলে রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। জটিল রোগে আক্রান্ত অনেক রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন। রোগ নির্ণয়ে অনেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে পারছেন না।
নগরের সন্ধানী ক্লিনিকে পরীক্ষা করাতে এসেছেন রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের আবদুল মালেক। তিনি বলেন, ‘ডাক্তার কয়ছে পরীক্ষা করানোর জন্যি। আজ চার দিন ঘুরে পরীক্ষা করাতি পালাম না। কালকে কলে আজকে খোলবে কিন্তু আজও দেহি বন্ধ। এহন যে কী হবে!’
নগরের শিশু হাসপাতালে রোগী ভর্তি করতে এসে ফিরে যাচ্ছে নগরের টুটপাড়া এলাকার বেবি নাজনিন। তিনি বলেন, ‘বাচ্চার শরীর খারাপ। তাই এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কোনো প্রকার চিকিত্সা দেবে না বলে জানিয়েছে। এভাবে ডাক্তারদের সাধারণ রোগীদের জিম্মি করে আন্দোলন করা ঠিক না।’
খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সামনে বারান্দায় সেবা নিচ্ছেন তেরখাদা উপজেলার বারাসাতের হানিফ কাজী। তিনি বলেন, ‘আজকে সারা দিনই কোনো ডাক্তার আসিনি। পেটে বেতাল ব্যথা করতেছে। কিন্তু কিছু করতি পাতিছি নে।’
আন্দোলনরত চিকিত্সকেরা জানিয়েছেন, চিকিত্সাকেন্দ্রে হামলা ও চিকিত্সক অপহরণকারীদের আলটিমেটামের সময় অনুযায়ী রোববারের মধ্যে গ্রেপ্তার করা না হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি খুলনার সব সরকারি হাসপাতালেও লাগাতার ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘট চলাকালে কেবল সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকেরা দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে বাংলাদেশ বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘চিকিত্সাকেন্দ্রে হামলা ও চিকিত্সক অপহরণকারীদের রোববারের মধ্যে গ্রেপ্তার করার দাবি পূরণ হয়নি। এ কারণে সোমবার থেকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি খুলনার সব সরকারি হাসপাতালেও লাগাতার ধর্মঘট পালিত হচ্ছে। চিকিত্সক বাপ্পার অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হবে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা বলছেন, আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। তাহলে সেই রাতে ডাক্তারকে কে উদ্ধার করেছিল? আমরা মামলা নিয়েছি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তার পরও তাঁরা শুনছে না। আমাদের আর কী করার আছে?’
খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান বলেন, ‘আমি পুলিশ, চিকিত্সক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। বলেছি, মানুষকে এভাবে জিম্মি করবেন না। এখন আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কোন আইনে বেসরকারি চিকিত্সকদের সঙ্গে সরকারি চিকিত্সকেরা ধর্মঘট করছেন? এটা জানতে চাইব সরকারি চিকিত্সকদের কাছে। প্রতিদিন দু-তিনজন করে মানুষ মারা যাচ্ছে।’