খুলনায় চিকিৎসক চুয়াডাঙ্গায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ফুলবাড়ীগেট এলাকায় গতকাল রোববার মৈত্রী নার্সিং হোমের মালিক ও চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাসকে (৫২) তাঁর এক কর্মচারী কুপিয়ে হত্যা করেছেন। একই দিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শরীফ হোসেন (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, খুলনার ফুলবাড়ীগেট এলাকার মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ডবয় রাসেলের (২৬) সঙ্গে এক সেবিকার (নার্স) প্রেমের সম্পর্ক ছিল। নার্সিং হোমের মালিক শল্যচিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস বিষয়টি জানতে পেরে কয়েক দিন আগে রাসেলকে সেবিকার সঙ্গে প্রেম করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এ ঘটনায় রাসেল ক্ষিপ্ত হন। এরই জের ধরে গতকাল রোববার বেলা সোয়া তিনটার দিকে রাসেল আকস্মিকভাবে ধারালো অস্ত্র নিয়ে নার্সিং হোমের চারতলা ভবনের নিচতলায় চেম্বার কক্ষে গৌরাঙ্গ দাসকে কুপিয়ে পালিয়ে যান। এ সময় ঠেকানোর চেষ্টা করায় গৌরাঙ্গ দাসের একটি হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় গৌরাঙ্গ দাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গৌরাঙ্গ চন্দ্র দাসের বাড়ি দীঘলিয়া উপজেলার ঘোষগাতি গ্রামে। তাঁর স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাসেলের বাড়িও একই গ্রামে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের রাশেদ হোসেনের সঙ্গে একই গ্রামের শরীফ হোসেনের বিরোধ চলছিল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শরীফ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছিলেন। এ সময় রাশেদ তাঁর ছয়-সাতজন সহযোগী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীফকে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শরীফ কয়া গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।