খুলনায় চিকিৎসক ধর্মঘট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরের মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে জেলার সব চিকিৎসক একযোগে ধর্মঘট পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার খুলনার সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ ঘণ্টার এ ধর্মঘট পালন করা হয়।
এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। বহির্বিভাগ বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে গেছে। আর ভর্তি থাকা রোগীদের কোনো চিকিৎসকই দেখতে যাননি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে ধর্মঘট পালন করে। ধর্মঘট চলাকালে নগরের প্রতিটি সরকারি হাসপাতালের বহির্বিভাগ, টিকিট কাউন্টার ও চিকিৎসকদের কক্ষ বন্ধ পাওয়া গেছে। রোগীরা এসে ফিরে গেছে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা বন্ধ থাকলেও রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলেছে।
দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গিয়ে সেটি একেবারে ফাঁকা পাওয়া যায়। বন্ধ ছিল আবাসিক চিকিৎসা কর্মকর্তা, আবাসিক সার্জনসহ সব চিকিৎসকের কক্ষ। কয়েকজন কর্মচারী জানান, কোনো চিকিৎসক আসেননি। সব শাখা বন্ধ থাকায় রোগীরা এসে ফিরে যাচ্ছে।
একই ধরনের দুর্ভোগ দেখা গেছে খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও শিশু হাসপাতালেও। জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকাল থেকে চিকিৎসকেরা এসেছেন, কিন্তু তাঁরা কোনো সেবা দেননি। তবে গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। তবে আমি ধর্মঘটের পক্ষপাতি নই। কারণ ধর্মঘট হলে গরিব রোগীরাই বেশি দুর্ভোগের শিকার হয়।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলার সভাপতি শেখ বাহারুল আলম বলেন, কাল শুক্রবারের (আজ) মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বিএমএ খুলনা জেলা শাখা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শেখ আবদুল্লাহ আল মামুনকে কর্তব্যরত অবস্থায় পিটিয়ে আহত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম অহিদুজ্জামান।