খুলনায় চিকিৎসক মারধর মামলার চার আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলায় জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই চার আসামি খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রওশন আরা রহমানের আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন তৌহিদ ফকির, অলিয়ার শেখ, নান্নু শেখ ও মেরাজ শেখ। এঁরা সবাই ওই মামলার এজাহারভুক্ত আসামি ও তেরখাদা সদর ইউনিয়নের বাসিন্দা।
তেরখাদা থানার এসআই হাবিবুর রহমান বলেন, এজাহারভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান ২৪ মার্চ পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় চিকিৎসা কর্মকর্তা শেখ আবদুল্লাহ আল মামুনকে পিটিয়ে আহত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম অহিদুজ্জামান। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামি ও অন্য পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ওই রাতেই মামলা করেন আবদুল্লাহ আল মামুন।