খুলনায় চিকিৎসকদের আন্দোলন চলছে ভোগান্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সব ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো বন্ধ ছিল। সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও কর্মবিরতি পালন করেন। এ কারণে চরম ভোগান্তিতে পড়ে দূরদূরান্ত থেকে আসা রোগীরা। হাসপাতাল ছেড়ে যায় অনেকে।
সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত রায়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা গতকাল এক শোকসভায় অভিযোগ করেন, অমিতের চিকিৎসায় চরম অবহেলার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, আদ-দ্বীন হাসপাতাল, সিটি ইমেজিং সেন্টার, কিওর হোম ক্লিনিক, গরিব নেওয়াজ ক্লিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী ক্লিনিক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, বাদশা মিয়া মোমোরিয়াল ক্লিনিক, সিটি নার্সিং হোম ঘুরে দেখা যায়, তাদের সব কার্যক্রম বন্ধ। চিকিৎসকদের ব্যক্তিগত কক্ষেও রোগীদের কোনো নামের তালিকা করা হচ্ছে না। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে রোগীরা ফিরে যাচ্ছে। অনেকে ভর্তি রোগীকেও ফিরিয়ে নিয়ে গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ স্বজনকে নিয়ে এসেছিলেন ফুলতলার রোকেয়া বেগম। তিনি বলেন, ‘অনেক কাকুতি-মিনতি করলাম। কিন্তু কোনো ডাক্তার দেখল না। এখন যশোরে নিয়ে যাচ্ছি।’
সন্ধানী ক্লিনিকে কথা হয় রূপসার ঘাটভোগ গ্রামের আবদুল মালেকের সঙ্গে। তিনি বলেন, ‘ডাক্তার কয়ছে পরীক্ষার করানোর জন্যি। আজ চার দিন ঘুরে পরীক্ষা করাতি পালাম না। কালকে কলে আজকে খোলবে, কিন্তু আজও দেহি বন্ধ।’
বাংলাদেশ বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম গতকাল রাত আটটায় প্রথম আলোকে জানান, রাত নয়টায় (মঙ্গলবার) তাঁরা বৈঠকে বসবেন। সেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
যোগাযোগ করা হলে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান বলেন, ‘চিকিৎসকেরা এভাবে মানুষকে জিম্মি করতে পারেন না। প্রতিদিন সরকারি হাসপাতালে দু-তিনজন করে মানুষ মারা যাচ্ছে। এটা হতে পারে না।’ তিনি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সকালে ক্যাম্পাসে মানববন্ধন শেষে অদম্য বাংলার পাদদেশে শোকসভা করেন। উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ওই সভায় বক্তারা বলেন, অমিতের চিকিৎসায় চরম অবহেলা করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২ জুলাই বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র অমিত নগরের নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেওয়া হয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।