খুলনায় চিকিৎসকদের ধর্মঘট কাল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় চিকিৎসককে মারধরের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট আগামীকাল সোমবার সকাল ছয়টায় শেষ হবে। তবে আসামিদের গ্রেপ্তার না করা হলে আগামী শনিবার আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলার সভাপতি শেখ বাহরুল আলম।

আজ রোববার আসামিদের গ্রেপ্তার করার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা। সকাল ১০টার দিকে নগরের শিববাড়ি মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়ে বিএমএ খুলনা কার্যালয়ের সামনের মিলন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শেখ বাহরুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশ শেষে বাহরুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হবে—প্রশাসনের এমন প্রতিশ্রুতি পেয়ে আমরা ধর্মঘট উঠিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব। যদি এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে আজ খুলনা নগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, সব হাসপাতাল ও ক্লিনিকের বহির্বিভাগ বন্ধ ছিল। তবে অন্তবিভাগে (ইনডোরে) চিকিৎসা অব্যাহত আছে বলে দাবি করেছে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ।
খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে ও আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন চিকিৎসকেরা। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করা হয়। জেলার সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বিএমএ খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ ধর্মঘট কর্মসূচি পালন করছে।
গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় চিকিৎসা কর্মকর্তা শেখ আবদুল্লাহ আল মামুনকে পিটিয়ে আহত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম অহিদুজ্জামান। এ ঘটনায় অহিদুজ্জামানকে প্রধান আসামি ও পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই রাতেই মামলা করেন আবদুল্লাহ আল-মামুন। পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।