খুলনায় চিকিৎসকদের ধর্মঘট সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন পর খুলনা নগরের সব ক্লিনিক, রোগ নির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) ও সরকারি হাসপাতালের চিকিৎসকদের ধর্মঘট কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভবনে এক সভায় ১৫ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
২ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত রায়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ ও পরে তাঁর মৃত্যুর ঘটনায় নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন ছাত্ররা। পরে তাঁরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভির আহমেদকে তুলে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে বিএমএ এই ধর্মঘটের ডাক দেয়। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি (বিপিসিডিওএ), প্রাইভেট প্রাকটিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম বলেন, চিকিৎসাকেন্দ্রে হামলা ও চিকিৎসক অপহরণকারীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে ১৬ ও ১৭ জুলাই সরকারি ও বেসরকারি সব চিকিৎসা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে।