খুলনায় চেয়ারম্যান হত্যার ঘটনায় শোকসভা, মামলা
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল হত্যার প্রতিবাদে তাঁর পরিবারের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার বিকেলে ফুলতলা উপজেলা চেয়ারম্যান বাড়ির চত্বরে শোকসভা ও উপজেলা সদরে শোকযাত্রা হয়। একই স্থানে আজ বুধবার বিকেলে দোয়া মাহফিল হবে। ফুলতলা উপজেলা বিএনপি এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।হত্যার ঘটনায় গতকাল রাতে ফুলতলা থানায় মামলা হয়েছে। নিহত চেয়ারম্যান আবু সাঈদের ছোট ভাই ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এলাকার কয়েকটি রাজনৈতিক দলের জনবিচ্ছিন্ন নেতা উপজেলা ও ইউনিয়ন পরিষদের নেতৃত্ব এবং কর্তৃত্ব পাওয়ার আশায় ভাড়াটে খুনিদের দিয়ে ১৯৯৮ সালের ১৮ আগস্ট তাঁর বাবা সরদার আবুল কাশেমকে হত্যা করে। একই ভাবে গত ৬ মার্চ হত্যার উদ্দেশে তাঁর ওপর গুলিবর্ষণ ও বোমা হামলা চালায়। তারই ধারাবাহিকতায় গত সোমবার সকালে তাঁর বড় ভাই আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। আলাউদ্দিন বলেন, তাঁর বাবার হত্যামামলার সুষ্ঠু বিচার না হওয়ায় এবং তাঁর ওপর হামলার আসামিদের ছেড়ে দেওয়ায় তাঁর আশঙ্কা এ মামলারও সঠিক তদন্ত হবে না। এ জন্য কারও নাম উল্লেখ না করে তিনি মামলা করেন। তাঁরা পরিবার নিয়ে আতঙ্কে আছেন বলে জানান।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য ও কর্তৃত্ব নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালাবে। শোক প্রকাশ: আবু সাঈদের হত্যার ঘটনায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম শোক প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি গাজী তফসির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। গত সোমবার বেলা পৌনে ১১টার দিকে দামোদর ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় সন্ত্রাসীরা আবু সাঈদকে গুলি করে হত্যা করে।