খুলনায় ছাত্রদলের নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গতকাল বুধবার ছাত্রদলের এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। এলাকাবাসী একটি পিস্তলসহ এক সন্ত্রাসীকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া (৩২) এক বন্ধুকে নিয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শহরের আহসান আহমেদ সড়কের একটি মিষ্টির দোকান থেকে বের হন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পর পর দুটি গুলি ছোড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। তানু সঙ্গে সঙ্গে রাসেল নামের এক সন্ত্রাসীকে জাপটে ধরে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে রাসেলকে পিটুনি দেয়। রাসেলের এক সহযোগী এ সময় মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, পিস্তল, গুলিসহ বাগেরহাটের বৈইটপুরের রাশেদুল ইসলাম ওরফে রাসেলকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে ওই হামলার ঘটনা ঘটতে পারে।