খুলনায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
খুলনা সরকারি আযম খান কমার্স কলেজের সামনে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দুই দফা সংঘর্ষে ছাত্রদলের সাত নেতা-কর্মী ও পুলিশের চার সদস্য আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলেজের সামনে সমবেত হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে কলেজের গেটের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা রাকিবের ওপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের জের ধরে নগরের পিটিআই মোড়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। তখন ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া তিন-চারটি গাড়ি ও পাঁচ-ছয়টি ইজিবাইকও ভাঙচুর করা হয়। পুলিশ বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে দুটি ফাঁকা গুলি ছোড়ে।ছাত্রদলের নগর শাখার সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ছাত্রলীগের হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রাকিব খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ছাত্রলীগের নগর শাখার সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন বলেন, তাঁদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে দুই দফা হামলা চালিয়েছে। এ সময় ছাত্রদলের কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তিনি আরও বলেন, তাঁদের হামলায় ছাত্রদলের কেউ আহত হননি। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের নায়েক আলমগীর, সিপাহি শাকিন, রহিম ও নজরুল এবং এক বাসচালক আহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচজন আটক হয়েছে।’