খুলনায় ছাত্রলীগের নেতার হাতে অধ্যক্ষ লাঞ্ছিত
খুলনা নগরের বিএল বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে না দেওয়ায় গত শনিবার বিকেলে ছাত্রলীগের এক নেতা ওই কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই অনুষ্ঠান চলাকালেই কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউসুফ শাকিল ভাষণ দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে তিনি ও তাঁর কয়েকজন অনুসারী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করার পর বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন অনুসারীকে নিয়ে শাকিল কলেজের অধ্যক্ষের কক্ষে যান। বাগিবতণ্ডার এক পর্যায়ে তিনি অধ্যক্ষকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। তখন উপস্থিত অন্য শিক্ষকেরা তাঁকে নিবৃত্ত করে কক্ষের বাইরে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী কলেজছাত্র রেজাউল করিম বলেন, ‘ছাত্রলীগের সাবেক নেতা শাকিলকে বক্তব্য দিতে না দেওয়ায় তিনি তাঁর দলবল নিয়ে স্যারের ওপর চড়াও হন। এটা খুবই নিন্দনীয়।’অভিযোগের ব্যাপারে ওই কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইউসুফ শাকিল বলেন, ‘মন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রলীগের দুজনের বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু অধ্যক্ষ এক পক্ষকে সন্তষ্ট করতে আমাকে বক্তব্য দিতে দেননি। এর প্রতিবাদ করতে গেলে তিনি আমাকে “কলেজের ছাত্র না” বলে বেরিয়ে যেতে বলেন। কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি ক্লাসে ভর্তি রয়েছি। তা ছাড়া ওই রাতেই আমি মন্ত্রীর বাসায় গিয়ে স্যারের কাছে ক্ষমা চেয়েছি।’এ ব্যাপারে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরদার শফিউল্লাহ বলেন, ‘শাকিল এখন আর কলেজের ছাত্র নয়। অনৈতিক দাবি নিয়ে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।’