খুলনা বিভাগে এইচআইভি জীবাণুবাহী রোগীর সংখ্যা বাড়ছে। গত সাড়ে ছয় মাসে নতুন ৩৫ জনের শরীরে এ জীবাণু পাওয়া গেছে।
‘মুক্ত আকাশ বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি এইডস ও এইচআইভি জীবাণুবাহী রোগীদের চিকিৎসা ও শনাক্ত করার কাজ করে। খুলনায় অবস্থিত মুক্ত আকাশের শাখা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, তারা ২০০৩ সাল থেকে এইডস ও এইচআইভি জীবাণুবাহী রোগীদের তথ্য সংগ্রহ করছে। এখন পর্যন্ত তারা খুলনা বিভাগে ১৯৭ জন রোগীকে শনাক্ত করেছে। এর মধ্যে ৪১ জন মারা গেছেন।
মুক্ত আকাশ সাধারণত ডিসেম্বর থেকে পরের বছরের নভেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করে। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত তারা ২৫ জন রোগী শনাক্ত করেছে। অথচ এ বছরের ১৫ জুন পর্যন্ত তারা ৩৫ জনের শরীরে এইচআইভি জীবাণু পেয়েছে। অর্থাৎ দিন দিন বাড়ছে এইচআইভি জীবাণুবাহী রোগীর সংখ্যা।
নতুন ৩৫ জন রোগীর মধ্যে ২২ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে।
মুক্ত আকাশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিভাগের মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা জেলা। এরপরের অবস্থানে আছে নড়াইল জেলা। খুলনার মধ্যে নগরের বয়রা, খালিশপুর ও দৌলতপুর এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। আর উপজেলার মধ্যে ফুলতলা ও দীঘলিয়া। কর্মকর্তারা বলেন, খুলনার মধ্যে অনেকেই এ রোগের জীবাণু বহন করছেন। কিন্তু তাঁরা ভয়ে পরীক্ষা করাচ্ছেন না। আবার পরীক্ষার পর শরীরে এ জীবাণু পাওয়া গেলে তাঁরা আত্মগোপনে চলে যাচ্ছেন।
মুক্ত আকাশ বাংলাদেশের ‘চেতনা’ প্রকল্পের কর্মকর্তা এ টি এম নূরুল হুদা বলেন, এইচআইভি জীবাণু শনাক্ত করার পাশাপাশি তাঁরা চিকিৎসাও দিয়ে থাকেন। কারও শরীরে এইচআইভি/এইডস পাওয়া গেলে তাঁকে ঘৃণা করা বা দূরে রাখা উচিত নয়। তাঁকে সমবেদনা জানানো, যত্ন করা ও প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব। চেতনা প্রকল্পের আওতায় পরামর্শের মাধ্যমে রোগীর মানসিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়। এইডস থেকে বাঁচতে তিনি নিরাপদ যৌন মিলনের পরামর্শ দেন।
খুলনার সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, যাঁদের শরীরে এইচআইভির জীবাণু পাওয়া যাচ্ছে, তাঁরা সবাই যে এইডস রোগে ভুগছেন, এমন নয়। সরকার রোগী শনাক্ত করার সঙ্গে সঙ্গে বিনা খরচে তাঁর চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করছে। এ ছাড়া রোগীর গোপনীয়তা রক্ষা করে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে মুক্ত আকাশ বাংলাদেশ।