খুলনায় জঙ্গি সন্দেহে পাঁচজন গ্রেপ্তার
জঙ্গি সন্দেহে খুলনার খালিশপুর এলাকা থেকে গত শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তাঁদের কাছ থেকে জঙ্গি সংগঠনের প্রচারণামূলক বেশ কিছু বই উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত নয়টার দিকে খালিশপুরের লিবার্টি সিনেমা হলের পেছনে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-৬-এর একটি দল। ওই বাড়িটি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা তৈয়েবুর রহমানের। এ সময় সেখান থেকে তৈয়েবুর রহমানসহ ওই এলাকার বাসিন্দা কাজী আমানুল্লাহ, মো. মাহাবুবুর রহমান, মো. আবদুর রউফ ও মো. মশিউর রহমান নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই বাড়িতে বৈঠক করছিলেন। র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁদের খালিশপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) তুষার কুমার মণ্ডল জানান, পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার খুলনা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।