খুলনায় জন্ম নেওয়া পাঁচ শিশু সুস্থ আছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু জন্মের দ্বিতীয় দিনেও সম্পূর্ণ সুস্থ আছে। গতকাল রোববার তাদের মা-ও অনেকটা সুস্থ হয়ে উঠছেন। একসঙ্গে পাঁচ শিশুর জন্ম ও সুস্থ থাকার ঘটনা জানতে এবং শিশুদের দেখতে গতকালও দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। শিশুদের বাবা গোপালগঞ্জ সদর উপজেলার আবদুল গফ্ফার খান বলেন, চিকিৎসকেরা বলছেন, চার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারি। আর ওদের মা ও ছেলে কয়েক দিন পরে বাড়ি যেতে পারবে। তিনি শিশুদের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার কানিজ ফাতেম বলেন, চার মেয়ে সম্পূর্ণ ভালো আছে। ছেলেটি এখনো ইনকিউবেটরে আছে। তবে সোমবার (৭২ ঘণ্টা) গেলে ঝুঁকিমুক্ত বলা যাবে। ওদের মা এখন সুস্থ।