খুলনায় জমে উঠেছে পাটপণ্য মেলা
খুলনায় জমে উঠেছে পাটপণ্য মেলা। শহরের শিববাড়ি মোড়ে জিয়া হল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা যোগ দিয়েছেন।
ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় ও কেয়ার বাংলাদেশের আয়োজনে এ মেলার দ্বিতীয় দিন ছিল গতকাল রোববার।
মেলায় ঢাকা, খুলনা, রংপুর, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন অঞ্চলের ২৫টি পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ সোমবার শেষ দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সেখানে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। স্টলগুলোতে পাটের বাহারি নকশার ব্যাগ, ম্যাটস, টেবিল ম্যাটস, শিকে, স্লিপার, ঝুড়ি, ফুলদানিসহ নানা পণ্য বিক্রি হচ্ছে। খুলনার সোনাডাঙ্গা থেকে আসা বিউটি নাজ রংপুরের চারুশী শতরঞ্জি অ্যান্ড ক্র্যাফটস স্টল থেকে দুটি শতরঞ্জি কিনেছেন। তিনি বলেন, ‘ভালোই লাগছে মেলা। স্টলগুলো বেশ গোছানো। পাটের সুন্দর সুন্দর ব্যাগ ও টেবিল ম্যাটসগুলো অনেক চমৎকার।’
মেলার আয়োজক কেয়ারের টেকনিক্যাল ম্যানেজার মো. ইলিয়াস জানান, পাটপণ্য উৎপাদনে বৈচিত্র্য আনা এবং দেশি ও আন্তর্জাতিক মণ্ডলে বাজার প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি ও পাটপণ্য ব্যবহারে উৎসাহ বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এবার বিক্রির লক্ষ্যমাত্রা ১৫ থেকে ২০ লাখ টাকা ধরা হয়েছে।