খুলনায় জামায়াত সমর্থকদের হাতে যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে খুলনার কয়রা উপজেলায় গতকাল শনিবার জাহাবাজ আলী মোল্লা (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার আমাদি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জায়গীরমহল গ্রামের আওয়ামী লীগ সমর্থক ওহাব মোল্লা ও জামায়াতে ইসলামী সমর্থক ওছলেউদ্দিন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে একটি চিংড়ি ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওহাব মোল্লার দখলে থাকা ওই জমি ইজারা নিয়ে জাহাবাজ আলী মোল্লা চিংড়ি ঘের করে আসছিলেন। ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত আ খ ম তমিজউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে জামায়াত-সমর্থক ওয়াছার মোল্লা ওই জমি দখলের পাঁয়তারা করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলা নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গতকাল সকাল আটটার দিকে কয়রা থেকে চলে যান। সকাল ১০টার দিকে ওছলেউদ্দিন মোল্লার ছেলে ওসমান আলী মোল্লা ও আবদুল আলিম মোল্লার নেতৃত্বে দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ওই জমি দখলে যান। এ সময় ওহাব মোল্লার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে জাহাবাজ আলী আত্মরক্ষার্থে চিংড়ি ঘেরের পাশে তাঁর বাড়িতে আশ্রয় নেন। এ সময় ওই বাড়ির আঙিনায় ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। তাঁদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওহাব মোল্লা অভিযোগ করেন, তাঁর জমি দখলের নামে জামায়াতের কর্মীরা পরিকল্পিতভাবে জাহাবাজকে কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে ওছলেউদ্দিন মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কয়রা থানার ওসি ফজলুর রহমান জানান, জাহাবাজ আলী মোল্লাকে মাথা ও শরীরের একাধিক স্থানে কুপিয়ে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।