অর্থ আত্মসাতের মামলায় জাসদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও বেসরকারি সংস্থা রূপায়ণের নির্বাহী পরিচালক খালিদ হোসেনকে গতকাল সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁকে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক এস এম আনিসুর রহমানের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৯ আগস্ট ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা বলে খালিদ হোসেন নগরের সোনাডাঙ্গার নবীনগর এলাকার বাসিন্দা হোসনে আরা বেগমের কাছ থেকে দেড় লাখ টাকা নেন। ২০০৩ সাল পর্যন্ত তাঁকে লভ্যাংশসহ ৭০ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে খালিদ হোসেনের কাছ থেকে বাকি টাকা না পেয়ে হোসনে আরা তাঁকে আইনি নোটিশ পাঠান। এর পরও টাকা না দেওয়ায় তিনি ২০০৪ সালে খুলনার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। তৎকালীন বিচারক এফ এম মেজবাউল হক ২০০৮ সালের ২২ অক্টোবর খালিদকে ৮৫ হাজার ৬০০ টাকা ও মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা ৩০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুসারে খালিদ হোসনে আরাকে টাকা না দেওয়ায় ২০০৯ সালে তিনি আদালতে অর্থ আত্মসাতের মামলা করেন।সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক মোবাশ্বের আলী গতকাল জানান, খালিদ হোসেনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।