খুলনায় জেপি প্রার্থীর বাসভবনে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-২ (সদর) আসনের জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রাশিদা করিমের বাসভবনে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে তিনি গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে রাশিদা করিম বলেন, ‘শুক্রবার রাত সাতটার দিকে সোলাইমান নগর শেরেবাংলা সড়কে তাঁর বাসভবনে দুটি বোমা ছুড়ে মারে। বোমা হামলার পর বাড়ির সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার পরিবারের ও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় সহসভাপতি শরীফ শফিকুল হামিদ, নগর জেপির সভাপতি শাহীন আজাদ, সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহমেদ প্রমুখ।
শরীফ শফিকুল হামিদ বলেন, ‘ককটেলের আঘাতে রাশিদা করিমের বাসভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।