খুলনায় জোড়া খুন মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
খুলনা মহানগরের মেটেপোল এলাকায় জোড়া খুন মামলার আরও দুই আসামিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মুচিপাড়া এলাকার কালু শেখ ও শেখপাড়া এলাকার গাড়ি ফারুক। এ নিয়ে ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে মহানগরের শেখপাড়া ও গল্লামারী এলাকায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে কালু শেখ (২৫) ও গাড়ি ফারুককে (২২) গ্রেপ্তার করে।এসআই শহীদুল ইসলাম জানান, এর আগে গ্রেপ্তার হওয়া রাজু, জাহাঙ্গীর ও সোহেল ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মুখ্য বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে কালু শেখ ও গাড়ি ফারুকের নাম ছিল।গ্রেপ্তার হওয়া আসামিরা জানিয়েছেন, তাঁদের ১০-১২ জনের একটি দল একাধিক ব্যক্তিকে হত্যার জন্য তালিকা করেছিল। এই তালিকায় পুলিশের একজন এসআইয়ের নামও ছিল। তাঁরা গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে নগরের মেটেপোল এলাকায় হায়দার ও পিকু নামের দুজনকে ছুরিকাঘাতে হত্যা করেন। রাজুর স্ত্রী মর্জিনাকে বিয়ে করায় প্রতিশোধ নিতে হায়দারকে খুন করা হয়। আর জমি নিয়ে শত্রুতার জের ধরে পিকুকে হত্যা করা হয়।