খুলনায় জোড়াগেটে পশুর হাট শুরু ২৬ আগস্ট
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের জোড়াগেটে ২৬ আগস্ট থেকে কোরবানির পশুর হাট শুরু হবে। গতকাল সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আনসারের সমন্বয়ে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হাটের নিরাপত্তা নিশ্চিত করা, নিচু জায়গায় বালু ভরাট করা, নদীর ঘাটে পশু ওঠানামার জন্য দুটি র্যাম্প প্রস্তুত করা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা, হাটে আগত ব্যক্তিদের চিকিৎসার্থে চিকিৎসা দল প্রস্তুত রাখা, হাটের পরিবেশ সার্বক্ষণিক পরিচ্ছন্ন রাখা ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা, জাল টাকা শনাক্তকরণ যন্ত্র স্থাপন, পশু চিকিৎসার ব্যবস্থা রাখা, হাটের ভেতর অস্থায়ী ভিত্তিতে একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।