খুলনায় জয়িতাদের সম্মাননা
আর্থিক অনটনের মধ্যে খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামে জন্ম আনোয়ারা খাতুনের। সংসার চালাতে মায়ের সঙ্গে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন। সঙ্গে চালিয়ে যান পড়াশোনা। পঞ্চম শ্রেণি পাস করেন জিপিএ-৫ পেয়ে। ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসিতেও জিপিএ-৫ পান।
২০০৮ সালে আনোয়ারাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েও দমে যাননি আনোয়ারা। ভর্তি হন খুলনা বিএল কলেজে। ইতিমধ্যে ২০১২ সালে চাকরি পেয়ে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে।
আর্থিক টানাপোড়েন ও বিরূপ পরিবেশে এমন কীর্তির জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন আনোয়ারা। এভাবে বিভাগের মধ্যে আর্থিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন যশোরের লতিফা শওকত রূপা, সফল জননী হিসেবে যশোরের মোছা. রাশিদা বেগম, নির্যাতনের বিভীষিকা ভুলে উদ্যমী নারী হিসেবে জীবন শুরু করা বাগেরহাটের রাজিয়া বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য খুলনার অলোকা নন্দা দাস।
গতকাল রোববার খুলনার সিএসএস আভা সেন্টারে বিভাগীয় পর্যায়ে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের ১০ জেলা থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জনকে নির্বাচিত করা হয় রানার আপ হিসেবে।