খুলনায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুলনা নগরের ৪৮টি ঝুঁকিপূর্ণ ভবনের বেশির ভাগই সরকারিভাবে বরাদ্দ দেওয়া। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এসব বরাদ্দ বাতিল না করায় এগুলো অপসারণের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পক্ষ থেকে বারবার জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হলেও সেখান থেকে কোনো সাড়া মেলেনি। জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করলে ভবন অপসারণ সম্ভব হবে।’
গতকাল শনিবার এক নাগরিক সংলাপে খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস এসব কথা বলেন। তিনি এ-ও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এডিবি ও জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সাত-আট শ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। নগরকে পরিচ্ছন্ন ও আরও বাসযোগ্য করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মেয়র আশাবাদ প্রকাশ করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে নগরের সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়।