খুলনায় টানা বর্ষণে দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যের হতাশা আর অসহায়ত্ব নাসিমা বেগমের চোখেমুখে। ঘরের মধ্যে হাঁটুপানিতে দাঁড়িয়ে একটি গামলা দিয়ে পানি সেচে বের করায় ব্যস্ত তিনি। কত দিন ধরে এ রকম অবস্থা জানতে চাইলে বিরক্তি নিয়ে বলেন, ‘আরে ভাই, আমাদের কথা আর কন ক্যান? একটু বেশি বৃষ্টি হলেই তো ডুবি মরি। এবার আবার টানা কদিন চলতিছে।’

নাসিমা খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার আব্দুস ছাত্তার বিশ্বাস সড়কের বাসিন্দা। ওই এলাকার বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান সবই পানির নিচে। ওই সড়কের ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও জলাবদ্ধতার কারণে বন্ধ রাখতে হয়েছে। শুধু ওই এলাকা নয়, নগরের সমস্ত নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

এদিকে টানা বর্ষণে খুলনায় নাগরিক ভোগান্তি চরমে উঠেছে। গত বৃহস্পতিবার থেকে কখনো থেমে থেমে, আবার কখনো অবিরাম বৃষ্টি হচ্ছে। নগরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা একপ্রকার স্থায়ী রূপ নিয়েছে। সেখানকার বাসাবাড়ি, দোকানপাট, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান সবখানেই পানি উঠেছে। কিছু এলাকায় রান্নার চুলা খাটে উঠিয়ে রান্না চলছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অতিবৃষ্টিতে নগরের প্রাণকেন্দ্র রয়্যাল মোড়, বাইতিপাড়া, তালতলা, শান্তিধাম মোড়, মডার্ন ফার্নিচার মোড়, পিকচার প্যালেস মোড়, পিটিআই মোড়, সাতরাস্তার মোড়, নিরালা, বাগমারা, মিস্ত্রিপাড়া, ময়লাপোতা, শিববাড়ি মোড়, বড়বাজার, মির্জাপুর রোড, খানজাহান আলী রোড, নতুনবাজার, পশ্চিম রূপসা, আহসান আহমেদ রোড, গগনবাবু রোড থেকে শুরু করে হাজী মুহসীন রোড, বয়রা বাজার থেকে গোয়ালখালী পর্যন্ত পুরো সড়ক পানিতে তলিয়ে আছে। সড়কের পাশের অধিকাংশ দোকান বন্ধ হয়ে আছে। যাঁরা দোকান খুলেছেন, তাঁরা পানির ওপর দাঁড়িয়ে বা টুলের ওপর বসে কেনাবেচা করছেন। বিভিন্ন সড়কে লোকজনকে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, গত শুক্রবার ভোর ৬টা থেকে গতকাল বেলা ৩টা পর্যন্ত ৩৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ৬ দিন ধরে বাস্তুহারা এলাকার ১০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে এখনো হাঁটুপানি।

ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, জলাবদ্ধতায় এ বছর কষ্ট বাড়ছে। বাস্তুহারা ও আশপাশের এলাকার প্রায় ১০ হাজার মানুষ এখন পানির নিচে। এই এলাকায় পানি সরার খালটি বন্ধ। এ ছাড়া কিছু অপরিকল্পিত বাড়ি হওয়ায় পানি নামতে পারে না। অন্য এলাকার পানি এই অঞ্চলে এসে জমা হচ্ছে।