খুলনায় টিসিবির তেল ও চিনির মজুত শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় টিসিবির চিনির মজুত মাত্র ১৫ দিনের মধ্যে শেষ হয়ে গেছে। কয়েক দিন ধরে তেলও মিলছে না ডিলারদের ট্রাকে। বর্তমানে ছোলা ও মসুর ডালের সঙ্গে সেমাই বিক্রি করছেন ডিলাররা। নতুন করে পণ্য না এলে দুই-তিন দিনের মধ্যে বিক্রি বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ২৯ মে থেকে খুলনায় খোলাবাজারে তেল, চিনি, ছোলা ও মসুর ডাল বিক্রি শুরু করেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু এই কদিনে পণ্যের মজুত শেষ হওয়ায় ক্রেতাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে।
রমজান মাসে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, পিরোজপুরসহ ১৪ জেলায় বিক্রির জন্য ১৪০ টন চিনি, ৮০ হাজার লিটার তেল, ২৪০ টন ছোলা ও ৭০ টন মসুর ডাল বরাদ্দ দেওয়া হয়।
টিসিবির খুলনা কার্যালয় সূত্র জানায়, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে ৫৪২ জন ডিলার রয়েছেন। এর মধ্যে ১৬১ জন ডিলার পণ্য উত্তোলন করেছেন। এ ছাড়া প্রতিদিন খুলনা নগরে ৮টি ট্রাকে ও জেলাগুলোতে দুটি ট্রাকে করে পণ্য বিক্রি করা হয়েছে। ডিলাররা প্রথমে প্রতিদিন ৪০০ কেজি চিনি ও ৩০০ লিটার তেল পেয়েছিলেন। পরে তা কমিয়ে ৩০০ কেজি চিনি ও ১৫০ লিটার তেল দেওয়া হয়।
গত বৃহস্পতিবার নগরের ময়লাপোতা, শান্তিধাম মোড়, গল্লামারী, নিউমার্কেট, বাংলাদেশ ব্যাংক মোড় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে গিয়ে টিসিবির ট্রাকে তেল ও চিনি পাওয়া যায়নি। বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে ডিলার মো. সেলিম বলেন, তিন দিন ধরে চিনি দেওয়া হচ্ছে না। তেল কিছুদিন ২০০ লিটার করে দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে ১৫০ লিটার করে। পণ্যের অভাবে শুক্রবার ও শনিবার বিক্রি বন্ধ রাখতে হবে।
শান্তিধাম মোড়ে টিসিবির ট্রাকের সামনে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহারুজ্জামান রাসেলের সঙ্গে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এবার তেল ও চিনির মান ভালো ছিল, দামও ছিল কম। এ জন্য বেশির ভাগ পণ্যই কালোবাজারে বিক্রি হয়ে গেছে। না হলে বেলা ১১টার মধ্যে সব তেল বিক্রি হয় কীভাবে?
জানতে চাইলে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি সিনিয়র এক্সিকিউটিভ রবিউল মোর্শেদ বলেন, চিনির মজুত আরও কয়েক দিন আগে শেষ হয়ে গেছে। তেল আছে মাত্র ৫০০ লিটার। প্রতিদিন ডিলারদের সামান্য কিছু তেল দেওয়া হয়, যা দ্রুত বিক্রি হয়ে যায়। এ জন্য ট্রাকে তেল ও চিনি পাওয়া যাচ্ছে না। ট্রাকে বিক্রি কার্যক্রম তদারকির জন্য লোক থাকে। কালোবাজারে বিক্রির অভিযোগ ঠিক নয়। তিনি আরও বলেন, পবিত্র রমজানে নতুন করে পণ্য আসেনি। এ জন্য দুই-তিন দিনের মধ্যে বিক্রি বন্ধ করে দেওয়া হতে পারে।