খুলনায় ট্রলারডুবি: মা ও ছেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৮
খুলনার দাকোপ উপজেলার সুতরখালী ইউনিয়নে ঢাকী নদীতে গত মঙ্গলবার রাতে ট্রলারডুবির ঘটনায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।জানা গেছে, সুতরখালী ইউনিয়নের গুনারী-কালিবাড়ী লঞ্চঘাট এলাকায় ঢাকী নদীতে মঙ্গলবার রাত আটটার দিকে একটি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১০ জন নিখোঁজ হয়।ডুবে যাওয়া ট্রলারটি গতকাল দুপুর একটার দিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তত্পরতা চালানো হচ্ছে। গতকাল সকাল নয়টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো গুনারী কালিবাড়ী লঞ্চঘাট এলাকার গৃহবধূ বিশাখা রায় (৩০) ও তাঁর ছেলে জ্যোতি (৩)। বাকি আটজন গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছিল বলে জানা গেছে। এর মধ্যে তিনজন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের বাসিন্দা। অন্যরা সুতরখালী ইউনিয়নের বাসিন্দা।জানা গেছে, ট্রলারের যাত্রীরা দাকোপের তীলডাঙ্গা ইউনিয়নে শ্মশান কালীপূজা ও পাঠাবলি অনুষ্ঠানে যোগ দিতে আসছিল।আমাদের কয়রা প্রতিনিধি জানান, ডুবে যাওয়া ট্রলারে কয়রা হড্ডা গ্রামের গোবিন্দ সরদার (৩৫) ও তাঁর বোন ডলি সরদার (৩০) এবং একই গ্রামের তুষার মিস্ত্রি (৩৮) ছিলেন। গতকাল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম গতকাল প্রথম আলোকে জানান, ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এ পর্যন্ত দুজনের লাশ পাওয়া গেছে। এখনো ছয় থেকে সাতজন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।এদিকে আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের নির্মাণকাজ এবং দুর্গতদের দেখতে আসা খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, স্থানীয় সাংসদ ননী গোপাল মণ্ডল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।