খুলনায় ট্রেনের টিকিট যেন সোনার হরিণ
টিকিট সংকট, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা সমস্যার কারণে ঢাকা-খুলনা রেলপথের দুটি ট্রেনের যাত্রীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। টিকিট-সংকট এতটাই প্রকট যে, অনেককে দীর্ঘদিন অপেক্ষা করার পরও স্টেশন থেকে খালি হাতে ফিরতে হয়। খুলনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, যমুনা সেতু উদ্বোধনের সময় সরাসরি ঢাকা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। খুলনা স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক জানান, খুলনা স্টেশন থেকে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত আটটায় ‘সুন্দরবন এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এতে ১৩টি বগি আছে। প্রথম শ্রেণী, এসি (শীতাতপনিয়ন্ত্রিত) চেয়ার, নন-এসি চেয়ার ও সাধারণ আসন নিয়ে ৭৭২ জন যাত্রীর বসার ব্যবস্থা আছে। এসব আসনের বিপরীতে খুলনা স্টেশন থেকে মাত্র ২০০টি টিকিট বিক্রি করা হয়। আবদুর রাজ্জাক আরও জানান, সুন্দরবন এক্সপ্রেসের পাশাপাশি নয়টি বগি নিয়ে মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন সকাল আটটা ৪০ মিনিটে ছাড়ে ‘চিত্রা এক্সপ্রেস’। এখানে আসনসংখ্যা ৬১৪। খুলনা থেকে সরাসরি ঢাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণীর টিকিটের দাম এসি বার্থ (শুয়ে যাওয়ার জন্য) এক হাজার ৫৮ টাকা, নন এসি-৬২৫ টাকা, প্রথম শ্রেণীর চেয়ার ৪২০ টাকা ও শোভন (সাধারণ) চেয়ার মাত্র ২০০ টাকা। এ ছাড়া এ দুটি ট্রেনে অনেক যাত্রী দাঁড়িয়ে চলাচল করেন। তুলনামূলকভাবে নিরাপদ ও খরচ কম হওয়ায় রেলে যাত্রীদের চাপ বেশি। এ কারণে খুলনা-ঢাকা রেলপথে টিকিটসংকট লেগেই থাকে। তবে যাত্রীদের অভিযোগ, টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের যাঁরা বেশি টাকা দিতে পারেন তাঁরাই টিকিট পান। অনেক সময় কর্মকর্তারা বেশি দামে টিকিট বিক্রি করার জন্য রেখে দেন। এ কারণে টিকিটসংকট প্রকট আকার ধারণ করে। এতে দুর্ভোগ পোহান সাধারণ যাত্রীরা।গত শনিবার কথা হয় খুলনা স্টেশনে বিশ্বজিৎ পাল নামের এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, ঢাকায় যাওয়ার জন্য কাউন্টারে গেলে সেখানকার কর্মকর্তারা টিকিট নেই বলে জানান। তিনি সহকারী স্টেশন মাস্টারের কক্ষে এসে অনুরোধ করেও একটি টিকিট পাননি। অনেকে ১০ দিন ঘুরেও টিকিট পান না। জুয়েল রহমান নামের এক যাত্রী বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী রেলের টিকিট সোনার হরিণে পরিণত হয়েছে। খুলনা স্টেশনে এলেই বলে টিকিট নেই।’অপর যাত্রী আজমল আহমেদ অভিযোগ করেন, কাউন্টারে গিয়ে একটু নরম সুরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘যদি কারও ফেরত একটা টিকিট ম্যানেজ করে দিতে পারতেন’ এ রকম অনুরোধ করলে টিকিট পাওয়া যায়। তবে এ জন্য বেশি টাকা দিতে হয়। খুলনা রেলস্টেশনটি বেশ বড়। কিন্তু নিয়মিত পরিষ্কার না করায় এবং পাশে নালা থাকায় এখানে সব সময় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। এ কারণে যাত্রীরা দুর্ভোগ পোহান। বৃহস্পতিবার রাতে ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন আবু হাসান। তিনি বলেন, ট্রেনগুলো ছাড়তে প্রায়ই তিন-চার ঘণ্টা দেরি হয়। তাই বাধ্য হয়ে স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশে অপেক্ষা করতে হয়। যাত্রী ছাউনিতে বেঞ্চ কম থাকায় অনেক সময় দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। শুক্রবার ভোরে ঢাকা থেকে ফেরা যাত্রী মনোরঞ্জন মুখার্জি বলেন, ট্রেনগুলোর ভেতরে পরিবেশ ভালো না। চেয়ারের নিচে ও বগির ভেতরে ময়লা-আবর্জনা পড়ে থাকে। শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে যাত্রীদের সমস্যা হয়। ক্যানটিনে ভালো মানের খাবারও পাওয়া যায় না।কয়েকজন যাত্রী অভিযোগ করেন, অনেক সময় শোভন শ্রেণীর আসনের টিকিট থাকলেও যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়। টিকিট তদারকির দায়িত্বে থাকা টিটিরা যাঁদের আসনের টিকিট নেই তাঁদের আসনে বসার সুযোগ করে দেন। অনেক সময় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেও দুর্ভোগ পোহাতে হয়। খুলনার স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, শিগগিরই রেলস্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। টিকিট সংকটের বিষয়ে তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি থেকে মাত্র তিন দিন আগে থেকে টিকিট ছাড়ার নিয়ম চালু হলে পরিস্থিতির উন্নতি হবে। তিনি টিকিট নিয়ে দুর্নীতি করার অভিযোগ অস্বীকার করেছেন।