খুলনায় ঠিকাদারি কাজে মধ্যস্থতা, সিলেটে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় হাউজিং এস্টেটের প্রায় তিন কোটি টাকার ঠিকাদারি কাজে ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। তিনটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের কয়েকজন নেতার মধ্যস্থতায় ওই কাজ ভাগ করে নেয় বলে জানা গেছে। আর সিলেটে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় ২০ কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারেরা সমঝোতার মাধ্যমে কাজটি পেয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় হাউজিং এস্টেটের অধীনে মাদারীপুরের শিবচর হাউজিং এস্টেটের জায়গায় মাটি ভরাটের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। মাটি ভরাটের তিনটি কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় তিন কোটি টাকা। গত বৃহস্পতিবার নগরের খালিশপুরে অবস্থিত হাউজিং এস্টেট কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এই কাজের জন্য মোট ৮৯টি দরপত্র শিডিউল বিক্রি হলেও জমা পড়ে নয়টি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করেন, বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের একাধিক নেতা লোকজন নিয়ে হাউজিং এস্টেট কার্যালয়ে অবস্থান নেন। কাজ পেতে ইচ্ছুক তিনটি প্রতিষ্ঠান আওয়ামী লীগ নেতাদের প্রাক্কলিত ব্যয়ের ৫ শতাংশ হিসাবে মোট ১৫ লাখ টাকা দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই নেতারা মোট নয়টি দরপত্র জমা দেওয়া হবে বলে ঠিক করে দেন। বেশ কয়েকজন ঠিকাদার ওই নেতাদের চাপের মুখে দরপত্র জমা না দিয়েই ফিরে যান।এ ব্যাপারে মুঠোফোনে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের সম্মতিতে প্রতি গ্রুপের কাজে তিনটি করে দরপত্র জমা দেওয়া হয়েছে। অন্য ঠিকাদারকে তাঁদের শিডিউল কেনার টাকা ফেরত দেওয়া হবে। তবে কোনো ঠিকাদারকে দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়নি। তিনি বলেন, কাজ ভাগবাটোয়ারা করে মোটা অঙ্কের টাকা গ্রহণের অভিযোগ ঠিক নয়। খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাউজিং অফিসে আমি, আশরাফুল ইসলাম ও আলো কাজীসহ অনেকে ছিলাম। আমি শিডিউল কিনলেও তা জমা দিইনি। ঠিকাদারেরা নিজেরা বসে সমঝোতা করে প্রতি গ্রুপের কাজে তিনটি করে দরপত্র জমা দিয়েছেন। আর কিছু টাকা তোলা হয়েছে ঠিকাদারদের দেওয়ার জন্য।’এ ব্যাপারে জানতে চাইলে হাউজিং এস্টেটের উপবিভাগীয় প্রকৌশলী নবীর উদ্দিন প্রথম আাালোকে জানান, কোন তিনটি প্রতিষ্ঠান কাজ পাচ্ছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারিগরি মূল্যায়ন কমিটির সভায় বিষয়টি নির্ধারণ করা হবে।সিলেট সওজ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার সড়ক সংস্কারসহ উন্নয়নমূলক প্রকল্পে ছয়টি গ্রুপের ২০ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করে সওজ। গত বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। এ কাজের জন্য ১১০টি দরপত্র শিডিউল বিক্রি হয়েছিল। আর নগরের মীরবক্সটুলায় সওজ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র জমা পড়েছে ১৮টি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থী ঠিকাদারেরা সওজের রায়নগরের ডাকবাংলোয় বৈঠক করেন। সমঝোতা অনুযায়ী গত বৃহস্পতিবার তাঁরা দরপত্র দাখিল করেন। এর আগে সাধারণ ঠিকাদারদের দরপত্রে অংশ নেওয়া ঠেকাতে সকাল থেকে সওজের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারেরা। দরপত্র জমার অন্য দুটি স্থানেও একই অবস্থা ছিল। অনেকেই দরপত্র জমা না দিয়ে ফিরে গেছেন।অভিযোগ উঠেছে, সমঝোতা প্রক্রিয়ায় নগর আওয়ামী লীগের সাবেক নেতা ফয়জুল আনোয়ারের নেতৃত্বে ঠিকাদার অ্যাসোসিয়েশন মুখ্য ভূমিকা পালন করে। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল বখতের নেতৃত্বে বিএনপিপন্থী ঠিকাদারেরা সমঝোতা প্রক্রিয়ায় অংশ নেন।অভিযোগ অস্বীকার করে বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল বখত বলেন, ‘বিএনপির শামসুজ্জামান কাজ না পেয়ে রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।’ এ অভিযোগ অস্বীকার করেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান। ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়জুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে সবকিছু সুষ্ঠুভাবে হয়েছে।’এ ব্যাপারে দরপত্র কমিটির সভাপতি সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা বলেন, ‘দরপত্র জমার নির্ধারিত দিনে ছুটিতে ছিলাম। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ভাগবাটোয়ারা যদি কিছু হয়, তবে তা কার্যালয়ের বাইরে হয়েছে। এ জন্য কর্মকর্তারা কেউ কিছু জানেন না।’ তিনি জানান, এ ব্যাপারে সাধারণ ঠিকাদারেরা লিখিত অভিযোগ করলে সওজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।