খুলনায় ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ ও সুযোগের অভাবে যেসব ঠোঁটকাটা ও তালুকাটা রোগী চিকিৎসা করাতে পারছেন না তাঁদের জন্য এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা স্মাইল বাংলাদেশ। গতকাল সোমবার থেকে খুলনার রূপসা উপজেলার তিলক গ্রামের খ্রিষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছয় মাস থেকে শুরু করে যেকোনো বয়সের রোগীরা এই চিকিৎসাসেবা পাবেন। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের ২০ জনের একটি দলের মাধ্যমে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পের নেতৃত্ব দিচ্ছেন শাহেদ আজিজ। ক্যাম্পে ৬০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে। প্রথম দিন নয়জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
স্মাইল বাংলাদেশের টিম লিডার ক্রিস্টিনা রোজারিও বলেন, ‘আমরা কয়েক বছর ধরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীর চিকিৎসাসেবা দিয়ে আসছি। অর্থাভাবে অনেকে এই চিকিৎসা করাতে পারেন না। আমরা তাঁদেরসহ যাঁরা এখানে আসবেন সবাইকে এই চিকিৎসাসেবা দেব।’
রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক মো. মহসিন উদ্দিন বলেন, ‘এই ক্যাম্প আমাদের এখানে চতুর্থবারের মতো হচ্ছে। অপারেশনের পরে রোগীরা আমাদের হাসপাতালে দু-তিন দিন থাকবে। পরে তারা বাড়ি চলে যাবে। এদের ওষুধ ও বিছানা ভাড়াসহ সব ধরনের সহযোগিতা করছে সিএসএস।