খুলনায় ডায়রিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ
খুলনার দিঘলিয়া উপজেলায় ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টে আক্রান্ত ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল নয়টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলা শহরের খেজুরবাগান এলাকায়।
দিঘিলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সকালে ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে আসেন। হাসপাতালে আসার পর তাঁকে অক্সিজেন দেওয়ার প্রক্রিয়ার চলছিল। এরই মধ্যে তিনি মারা যান। রোগীর স্বজনেরা তাঁকে জানিয়েছেন, আগে থেকেই তাঁর শ্বাসকষ্ট ও কাশি ছিল। তারপরও ওই ব্যক্তি করোনা ‘পজিটিভ’ কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত খুলনা জেলায় ১৪ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা নগরের সাতজন। বাকি সাতজন রূপসা উপজেলার। ১৪ জনের মধ্যে ৩ জন চিকিৎসক, একজন নার্স ও ৭ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত তিন চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন।