খুলনায় ডায়াগনস্টিক সেন্টার যশোরে ঠিকাদারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বুধবার অবৈধভাবে রক্ত কেনা ও বেচার অভিযোগে খুলনার একটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ও এটি সিলগালা করে দিয়েছেন। একই দিন যশোর ২৫০ শয্যা হাসপাতালের ঠিকাদারকে পচা ডিম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আদালত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এখানে অভিযান চালিয়ে ১৪ ব্যাগ রক্ত উদ্ধার করেন।খুলনা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. আতিয়ার শেখ জানান, যে তাপমাত্রায় রক্ত রাখার কথা ছিল, সেই তাপমাত্রায় তা রাখা হয়নি। এ ছাড়া এর মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখও নেই। খুলনা সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মু. বিল্লাল হোসেন জানান, নিরাপদ রক্ত সঞ্চালন আইন-২০০২ উপেক্ষা করে এরা রক্ত সংগ্রহ ও বিক্রি করছিল। আদালত পরে সুগন্ধা ডায়াগনস্টিকেও অভিযান চালান। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এর মালিক আগেই পালিয়ে যান। খুলনা নগরের ডেল্টা ঘাট এলাকায় ওষুধ দিয়ে কলা পাকানোর অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যশোর ২৫০ শয্যা হাসপাতালের রান্নাঘরে অভিযান চালিয়ে ২৫টি পচা ডিম ও নিম্নমানের খাদ্য পান। এ ঘটনায় আদালত খাদ্য সরবরাহের দায়িত্বে নিয়োজিত ঠিকাদার হাফিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় হাসপাতালের স্টুয়ার্ড মো. শাহজাহান অন্য কর্মচারীদের নিয়ে ভেজালবিরোধী কার্যক্রমে বাধার সৃষ্টি করলে তাঁকে আটক করা হয়। পরে ঠিকাদারের পক্ষে তাঁর লোকজন জরিমানার টাকা দিলে শাহজাহানকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।