খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি।
ফাইল ছবি।

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাছুরা বেগম (২৫) নামের এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাছুরা যশোর জেলার অভয়নগর উপজেলার বাসিন্দা হাবিবুল্লার স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, মাছুরাকে গত সোমবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মাছুরা ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১২ জন নারী, দুজন শিশু, একজন স্কুলছাত্র এবং অন্য পাঁচজন পুরুষ।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে একজন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছে। এসব রোগীর মধ্যে ১৬ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল।