খুলনায় তিন ইজিবাইক শো-রুমকে জরিমানা
খুলনা নগরে তিনটি ইজিবাইক শো-রুম ও কারখানাকে অবৈধভাবে ইজিবাইক তৈরি ও যন্ত্রাংশ সংযোজনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এগুলো বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি পরে সিলগালা করে জিনিসপত্র জব্দ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেআর ট্রেডার্সকে ১০ হাজার, বিফাইন ট্রেডার্সকে ২০ হাজার ও ফ্রেস ট্রেড বিডিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। একই আদালত খুলনায় ভারতীয় ভিসা অফিস থেকে সফিকুল ও দেলোয়ার নামে দুই দালালকে আটক করেছে। তাঁদের এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। সে সময় সঙ্গে ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুর রহমান। অভিযানে সহায়তা দেয় মহানগর পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাহিনী।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, খুলনা শহরে এ মুহূর্তে ইজিবাইকের সংখ্যা ৪০ হাজার থেকে ৫০ হাজার হবে। এগুলো শহরের যাতায়াত বিশৃঙ্খল করে তুলছে।