খুলনায় তিন দিনব্যাপী তথ্যমেলা শুরু
বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯-এর যথাযথ বাস্তবায়ন ও তথ্যের অধিকার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তথ্যমেলা। গতকাল বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
খুলনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ মেলায় খুলনার ৩৫টি সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা, সেবা পেতে করণীয় ও সেবার মূল্য তালিকার লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করছে। এ ছাড়া সেবা-সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে সেগুলোও গ্রহণ করা হচ্ছে। সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন আরও সহজ হবে। সরকারি কর্মচারীদের মানবিক মূল্যবোধ দিয়ে জনগণকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এখন যাঁরা সেবা দিচ্ছেন তাঁদের ভাবতে হবে, ভবিষ্যতে আমিও একদিন সেবা প্রার্থী হব।’
জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিআইডির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।