খুলনায় তুলার কারখানা ও মার্কেটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় বেজেরডাঙ্গা এলাকায় আজ রোববার সকালে একটি তুলার কারখানায় আগুন লাগে। ওই আগুন পাশের মার্কেটে ছড়িয়ে পড়লে ২০-২৫টি দোকান পুড়ে যায়। আগুনে অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, বেজেরডাঙ্গা এলাকার আয়েশা কটন মিলের সংশ্লিষ্ট শ্রমিকেরা প্রতিদিনের মতো আজ সকালে কাজে যোগ দেন। সকাল সাড়ে সাতটার দিকে ১ নম্বর মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ব্যর্থ হয়ে মর্জিনা নামের এক নারী শ্রমিক পুলিশকে খবর দেন। পুলিশ খবর দেয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

২ নম্বর মেশিনে কর্মরত শ্রমিক আয়েশা খাতুন জানান, ১ নম্বর মেশিনে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা ২ নম্বর মেশিনের সুইচ বন্ধ করে দেন। তার পরও ওই আগুন মিলের পাশে থাকা মার্কেটের প্রায় ২০-২৫টি দোকানে ছড়িয়ে পড়ে।

বেজেরডাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ জানান, দোকানদার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নেভান।

আয়েশা কটন মিলের মালিক শেখ রবিউল ইসলাম (৫৫) আগুনের ভয়াবহতা দেখে জ্ঞান হারান। তাঁকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে শেখ আলম দাবি করেন, তাঁদের মিলে ৮০ থেকে এক কোটি টাকার মালামাল ছিল।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক বদরুল আলম জানান, ৩৫ জনের একটি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হতে পারে।

খুলনা পুলিশ সুপার গোলাম রউফ জানান, এটি কোনো নাশকতা নয়। মেশিন থেকে আগুন লেগেছে।