খুলনায় দরজিপাড়ায় হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর কাছাকাছি চলে এলেও খুলনার দরজিপাড়ায় ব্যস্ততা নেই বললেই চলে। কাজের চাপে অন্যান্য বছর রোজার এই সময়ে কোনো ফরমায়েশ নেওয়া হতো না। এবার কাজ তেমন না থাকায় এখনো ফরমায়েশ (অর্ডার) নেওয়া হচ্ছে।
নগরের বেশির ভাগ দরজির দোকান পিকচার প্যালেস এলাকায় আকতার চেম্বার, হাজি মালেক চেম্বার ও রেলওয়ে মার্কেটের ভেতরে অবস্থিত। গত শনিবার সরেজমিনে গেলে এসব বিপণিবিতানের দরজির মালিক ও কারিগরেরা ব্যবসা নিয়ে হতাশা ব্যক্ত করেন। স্টুডেন্টস টেইলার্সের স্বত্বাধিকারী প্রদ্যুত বিশ্বাস বলেন, ‘অন্যবার ঈদের এই সময়টায় এতই ব্যস্ত থাকতে হয়েছে যে গ্রাহক ছাড়া অন্যদের সঙ্গে কথা বলার ফুরসত মিলত না।’
প্রদ্যুত বিশ্বাস বলেন, দরজিপাড়ায় পোশাক বানাতে বর্তমানে খরচ খানিকটা বেশি। সাধারণ একটি শার্ট ও প্যান্ট বানাতে ৭৫০-৮০০ টাকার মতো মজুরি লাগে। কাপড় কিনতেও লাগে ২ হাজার টাকার ওপর। তা ছাড়া, বাজারে আজকাল পছন্দসই জামা পাওয়া যায়, তাই পোশাক বানানোয় আগ্রহ কমছে।
রেমন্ড ফেব্রিকস অ্যান্ড টেইলার্স লিমিটেড খুলনা শাখার বিক্রেতা মিন্টু কুমার শীল বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেক অর্ডারও পড়েনি। কারিগরদের পরের দিন কী কাজ দেব, তা নিয়েই চিন্তায় থাকতে হচ্ছে।’
কথা হয় খুলনা জেলা দরজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘অন্য ঈদের সময় সারা রাত জেগে কাজ করা লাগত। এ বছর রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাজ শেষ করছি।’ আরেক দরজি মো. রিপন খান বলেন, ‘ঈদ যত এগিয়ে আসছে কাজের চাপ তত কমছে।’
এলিগ্যান্ট টেইলার্সের স্বত্বাধিকারী জীবন কুণ্ডু বলেন, ‘কাজ অন্য বছরের তুলনায় খুব কম। তারপরও ঈদের কাপড়ের জন্য গতকাল থেকে আর অর্ডার নিচ্ছি না। এ বছর ভারতীয় কাপড় বেশি চলছে। শার্টের অর্ডার বেশি পাচ্ছি।’
শীতল টেইলার্সের স্বত্বাধিকারী মন্টু লাল সাহা বলেন, ‘প্রতিবছর ৮-১০ রোজার পর আর অর্ডার নেওয়া হয় না। এ বছর এখনো অর্ডার নিচ্ছি। গত বছরের চেয়ে ৫০ শতাংশ অর্ডার কম এসেছে।’