খুলনায় দরপত্র নিয়ে যুবলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
খুলনার ডুমুরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পৌনে চার কোটি টাকার কাজের দরপত্র জমা নিয়ে গতকাল সোমবার যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।প্রকৌশল অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচটি বিভাগে মোট ছয়টি নতুন স্কুলঘর নির্মাণ ও ১৫টি স্কুল মেরামতের জন্য তিন কোটি ৭৫ লাখ টাকা কাজের পুনঃ দরপত্র দাখিলের জন্য ঠিকাদারেরা গতকাল সকাল থেকে ডুমুরিয়া উপজেলায় আসতে থাকেন। বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের সদস্য (খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের ভাগনে) কাজী আলমগীর হোসেন দলবল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেন। কিছু সময় পর জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান শেখ হাদিউজ্জামানকে (শেখ হারুনুর রশীদের ভাইপো) সঙ্গে নিয়ে ওই কাজের দরপত্র দাখিল করতে যান। আলমগীর তাঁদের বাধা দেন। বাগিবতণ্ডার একপর্যায়ে হাদিউজ্জামানকে চড় মারেন আলমগীর। তখন দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপজেলা পরিষদ এলাকায়। জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘আলমগীর দলের নাম ব্যবহার করে টেন্ডার সিন্ডিকেট করতে চেয়েছিল। তিনি আমাকেও টেন্ডার জমা দিতে বাধা দেন। এমনকি আমার সঙ্গী জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদের ভাইপোকেও চড় মারেন। পরে পুলিশের সহায়তায় টেন্ডার জমা দিয়েছি।’কাজী আলমগীর হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি লাইন কেঁটে দেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, এই কাজ নিয়ে আগে একবার দরপত্র হয়েছিল। তখন আওয়ামী লীগের এক নেতা তার ভাগবাঁটোয়ারা করেছিলেন। এখন আবার সেই কাজের দরপত্র হওয়ায় অন্য নেতারাও ভাগ চাচ্ছেন। এ কারণে গতকালের ঘটনা ঘটে। অনেক সাধারণ ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি। তবে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী আবদুল খালেক বলেন, দরপত্র জমা নিয়ে উত্তেজনা ছিল। কিন্তু আগে থেকেই পুলিশ থাকায় কোনো সমস্যা হয়নি। ১৭টি দরপত্র জমা পড়েছে। তা ছাড়া আমার কাছে কেউ কোনো অভিযোগও করেনি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, দরপত্র নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। পুলিশের ভূমিকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।