খুলনায় দুই কাউন্সিলর ও বিএনপি নেতা জেলে
খুলনা মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী সাহারুজ্জামান মোর্ত্তজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরের পিকচার প্যালেস মোড়ের জলিল টাওয়ারের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকারীদের বিচার দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়ের সামনের বোমা বিস্ফোরণ এবং ফেরিঘাট মোড়ে মিছিল থেকে নাশকতা সৃষ্টির দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে নাশকতার দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন খুলনা সিটি করপোরেশনের ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর ও ওয়াহেদুর রহমান। গতকাল বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ে বিএনপিসহ ২০-দলীয় জোটের অবরোধ চলার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক অনুকূল চন্দ্র ঘোষ বাদী হয়ে বিএনপি ও জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও আড়াই শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩০ এপ্রিল মনিরুজ্জামানসহ ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন খুলনা সদর থানার এসআই তাপস কুমার পাল।
আদালত ২০১৫ সালের ২২ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৬ মার্চ পলাতক থাকায় বরখাস্ত করা মেয়র মনিরুজ্জামান, ওই দুই কাউন্সিলরসহ ছয়জনের অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছিলেন আদালত। এর পরিপ্রেক্ষিতে ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেছিলেন সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মনিরুজ্জামান। গতকাল ওই দুই কাউন্সিলর আত্মসমর্পণ করলেন।