খুলনায় দুই ভাইকে পিটিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছায় গত শুক্রবার রাতে এফ এম এ রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি ও তাঁর ছোট ভাই বদিউজ্জামানকে (৩২) পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজ্জাক যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামী কণ্ঠ পত্রিকার দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি। এ ছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক।পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজ্জাক ও বদিউজ্জামান পাইকগাছা বাজারে একটি কম্পিউটার প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ইঞ্জিনচালিত নছিমন ও করিমনে এসে ৩০-৩৫ জন দুর্বৃত্ত তাঁদের ঘিরে ফেলে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পুলিশ তাঁদের আহতাবস্থায় পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল, এরপর গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য বিকেলে স্বজনেরা তাঁদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। তিনি জানান, গদাইপুর গ্রামের লোকজনের সঙ্গে রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ক্ষুব্ধ গ্রামবাসীই তাঁকে মারধর করেছে। রাজ্জাক অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তাঁর ভাই মোখলেসুর রহমানের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। তাঁদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে তাঁর পরিবার আড়াই মাস ধরে বাড়ি ছাড়া। এ নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।