খুলনায় দুজনকে গুলি করে হত্যা, চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের আড়ংঘাটা থানার বরইতলা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা গুলি করে দুই যুবককে হত্যা করেছে। একই দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে আবুল হোসেন নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বিজিবি।
খুলনায় নিহত ব্যক্তিরা হলেন নগরের দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার রিপন সরদার (২৭) ও মিঠুন শেখ (২৬)। গতকাল রিপন ও তাঁর বন্ধু মিঠুন পার্শ্ববর্তী আড়ংঘাটা থানার যোগীপোলের সাবেক ইউপি সদস্য হাফিজের তেলিগাতির বিলডাকাতিয়ার ঘেরে মাছ ধরতে যান। বিকেল সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক ওই ঘেরে আসেন। এ সময় তাঁরা দুজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রিপন নিহত হন। গুলিবিদ্ধ মিঠুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, আবুল হোসেন (৫০) ভারত থেকে গরু আনতে গতকাল ভোরে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামবাসী বারাদী সীমান্তে মাথাভাঙ্গা নদীর তীরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে।