খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
খুলনা নগরের দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুবেল মোল্লা (২২) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন৷ নগরের দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকায় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে৷
রুবেল সরকারি ব্রজলাল (বিএল) কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও নগরের আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার মোল্লা আবু বক্কর সিদ্দিকীর ছেলে৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই দিন রাতে রুবেল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন৷ এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে জোর করে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যায়৷ ওই বাড়ির সামনের সড়কে দুর্বৃত্তরা তাঁকে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ গুরুতর আহতাবস্থায় রুবেল মুঠোফোনে খবর দিলে বড় ভাই এলাকাবাসীর সহায়তায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
নগরের আড়ংঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুছা খন্দকার বলেন, ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিরোধের সৃষ্টি হয়৷ ওই বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে৷ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷