খুলনায় দুস্থদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসহায়তা
বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের নিজস্ব উদ্যোগে খুলনা জেলায় করোনায় কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসহায়তা এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা শুরু করেছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে খুলনার ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৬০০ মানুষের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়।
পর্যায়ক্রমে খুলনা জেলায় প্রায় চার হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে।
খাদ্যসামগ্রী বিতরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী যশোরের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান।
খাদ্যসামগ্রী বিতরণের সময় লে. কর্নেল মির্জা আহমেদ ইসতিয়াক হাসান, মেজর এ এইচ এম নাজমুল হাসান, খুলনার উপপুলিশ কমিশনার মো. এহসান শাহ, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন অধ্যাপিকা রুনু ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান খুলনা সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। ৫৫ পদাতিক ডিভিশনের মাধ্যমে প্রায় ৬০০ অসহায়, দুস্থকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া নিয়মিত ক্যাম্পেইনের পাশাপাশি সপ্তাহে দুই দিন মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে। চিকিৎসাসেবার সঙ্গে বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।