করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খুলনা নগরের তিনটি থানা এলাকা ও রূপসা উপজেলায় জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধের প্রথম দিন ছিল আজ শুক্রবার। সকাল থেকেই শহরে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে। দোকানপাট-শপিং মল বন্ধ রয়েছে।
তবে শুক্রবার হওয়ায় কাঁচা-বাজারগুলোতে মানুষের ভিড় আছে। বাজারে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও কম। তবে সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে মানুষের আনাগোনা কম।
খুলনা নগরের টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই চলছে বাজারঘাট। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি।
বাজারের একজন দোকানি বলেন, আটটার পর থেকেই বাজারে ক্রেতারা আসতে থাকেন। ছুটির দিনে ভিড় বাড়ে। আজকেও ভিড় আছে। তবে ক্রেতাদের অনেকের মুখে মাস্ক নেই। আমাদের বিক্রেতারা তো বরাবরই মাস্ক খুব একটা পরতে চান না। অবশ্য কষ্টও হয়ে যায়।
বেলা ১১টার কিছু আগে ওই বাজারের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে একদল নেতা-কর্মী হ্যান্ড মাইকে সরকারি বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছিলেন। এ ছাড়া ঠিকমতো মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোওয়া ও বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার জন্য তাঁরা অনুরোধ করছিলেন। কিছু মানুষকে তাঁদের কাছ থেকে মাস্ক নিয়ে পরতে দেখা যায়।
২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরকার বলেন, ‘করোনার প্রার্দুভাব অনেক বেড়েছে। তাই সরকার ও প্রশাসন আমাদের ভালোর জন্যই বিধিনিষেধ দিয়েছে। সাধারণ জনগণ সচেতন না হলে, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ বাড়তে পারে। আমরা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’
রূপসা ঘাট এলাকায় প্রচুর ইজিবাইকের উপস্থিতি থাকলেও ইঞ্জিনচালিত খেয়া নৌকায় কম যাত্রী পারাপার হচ্ছিলেন। বেশির ভাগ লোকজনের মুখে মাস্ক ছিল। সাতরাস্তা মোড়ে বিভিন্ন খাবারের রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে খাবার পার্সেল করতে দেখা গেছে।
সাতরাস্তা মোড়ে দাঁড়িয়ে হাসিবুর রহমান নামের একজন বাসিন্দা বলেন, রাস্তাঘাটে লোকজন বেশ কম। দোকানপাটও বন্ধ। তবে খুলনায় বেশির ভাগ শপিং মল, দোকানপাট শুক্রবার এমনিতেই বন্ধ থাকে। শনিবার থেকে বোঝা যাবে আসলেই বিধিনিষেধের কী অবস্থা।
দুপুর ১২টা পর্যন্ত শহরের টুটপাড়া, রূপসা, পিটিআই মোড়, রয়েল মোড়, সাতরাস্তা মোড়, ময়লাপোতা মোড়, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলা মোড় এলাকায় বিভিন্ন জরুরি পণ্য ছাড়া সব দোকানই বন্ধ থাকতে দেখা গেছে। বিধিনিষেধের প্রথম দিন সকাল থেকে গুরুত্বপূর্ণ কিছু মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
করোনাভাইরাসরে বিস্তার ঠেকাতে ৪ জুন থেকে ১০ জুন সময় পর্যন্ত খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা এলাকা ও রূপসা উপজেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির বুধবারের সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল বৃহস্পতিবার বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তি মোতাবেক ওই সব এলাকার সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় মুদিদোকান বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো কাঁচাবাজার ও মুদিদোকান খোলা রাখা যাবে না। ক্রেতা ও বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁগুলো পার্সেলকৃত বা প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর কোনো রাস্তার মোড়ে বা স্থানে একের অধিক কেউ অবস্থান করা বা একসঙ্গে চলাফেরা করা যাবে না।
এদিকে গতকাল বৃহস্পতিবার খুলনা নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সভায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ভারত থেকে আসা ব্যক্তিদের মাঝে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এখনই সতর্ক ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারলে তা হবে সবার জন্য মঙ্গলজনক।
করোনা হাসপাতালে রোগীর চাপ কমেনি
খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে আজও শয্যার সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর বাইরে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৮ জন এবং ভারত থেকে আসা ৩ জন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। এর মধ্যে আটজন আইসিইউতে এবং আটজন এইচডিইউতে রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৪ জনের তেমন উপসর্গ নেই।