খুলনায় দ্বিতল বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে গণপরিবহন-সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পাঁচটি দ্বিতল বাস চালু করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, কেএমপির উপপুলিশ কমিশনার (সদর) এস এম ফজলুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা শিল্প ও বণিক সমিতির পরিচালক মফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে বাসগুলো নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, দৌলতপুর, ফুলবাড়ি গেট হয়ে ফুলতলা পর্যন্ত চলাচল করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ মে খুলনা নগরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজার করা, নগরের দুটি সড়কে ইজিবাইক চলতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। নগরে হঠাৎ যানবাহন কমে যাওয়ায় গণপরিবহনের সংকট যাতে না হয়, সে জন্য বিআরটিসিকে চিঠি লেখা হয়। বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি দ্বিতল বাস দেওয়া হয়েছে। বাসগুলো ২০ থেকে ২৫ মিনিট পরপর নির্দিষ্ট গন্তব্য ছেড়ে যাবে।
বিআরটিসির খুলনা বাস ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী নাসিরুল হক প্রথম আলোকে বলেন, আজ প্রথম দিন দুটি বাস চলছে। কাল শনিবার থেকে পাঁচটি বাসই চলবে। বিভিন্ন গন্তব্যে সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। রূপসা থেকে ফুলতলা পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার তালিকা বাসে টাঙিয়ে দেওয়া হবে।
খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, যাত্রীসংখ্যা সন্তোষজনক হলে অন্যান্য রুটে এই বাস চালুর চেষ্টা করা হবে। সে ক্ষেত্রে বিআরটিসি আরও পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।