খুলনায় দ্রুত গ্যাস সরবরাহের দাবি
দীর্ঘ সময় পরও খুলনায় গ্যাস সরবরাহ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গত শনিবার রাতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সভায় এসব দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, খুলনার উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ২০১০ সালে খুলনায় গ্যাস সরবরাহের কার্যক্রম শুরু হলেও এখনো খুলনাবাসী গ্যাস পায়নি। খুলনায় চালু হয়নি কোনো বিমানবন্দর। এক বছর আগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাস হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু তা-ই নয়, খুলনায় একটি আধুনিক রেলস্টেশন নির্মাণের কাজ শুরু হলেও ওই কাজের কোনো অগ্রগতি নেই।
এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি ছাড়াও সুন্দরবন রক্ষা, খুলনা শহররক্ষা বাঁধ নির্মাণ, রিভার ভিউ পার্ক নির্মাণ, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালুর দাবিতে ১৫ অক্টোবর সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সভায় বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদে খুলনা সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের চালানো অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, উচ্ছেদের পরপরই আবার দখল হয়ে যাচ্ছে। এই কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেনসহ অন্য নেতারা বক্তব্য দেন।